আবরার হত্যা

সর্বোচ্চ শাস্তি চান বুয়েটের নতুন উপাচার্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্র্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায়। গতকাল শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন বুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার।

চলতি মাসের ১৫ সেপ্টেম্বর আবরার হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য আছে উল্লেখ করে বুয়েট উপাচার্য বলেন, ‘আমরা আশা করি খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। সব হত্যাকাণ্ডই বেদনাদায়ক। আবরার হত্যাকাণ্ডের পর বুয়েটের সব শিক্ষার্থীর জন্য হলে হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এছাড়াও বুয়েট কর্র্তৃপক্ষ আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেবে।’

এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার। এ সময় তাকে স্বাগত জানান সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় বুয়েট উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং শিক্ষকসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।