মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ভয়াবহ দাবানলে ১৩ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুন থেকে বাঁচতে গাড়ির ভেতর ঢুকেও রেহাই পায়নি সে। পরে দমকলবাহিনী কিশোর এবং তার পোষা কুকুরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ওয়াইয়াট তোফটে নামের ওই কিশোরকে উদ্ধার করার সময় তার কোলে প্রিয় কুকুরকে দেখা যায়।
একই দিন তোফটের ৭১ বছর বয়সী দাদি পেগি মোসোও আগুনে পুড়ে মারা গেছেন। তার মা অ্যাঞ্জেলার সারা শরীর পুড়ে গেছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
তোফটের বাবা জানিয়েছেন, তাদের এলাকায় আগুন ছড়িয়ে পড়লে দাদির সঙ্গে সে নিরাপদ স্থানের সন্ধানে দৌড় দেয়। একটি গাড়ি দেখে তার ভেতর কুকুরকে নিয়ে ঢুকে পড়ে। ভেবেছিল, এখানে নিরাপদ।
বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, দাবানলে ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী ওরেগন অঙ্গরাজ্যে অন্তত পাঁচটি শহর পুড়ছে। অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাট ব্রাউন জানিয়েছেন, দাবানলে সাধারণত বছরে যে পরিমাণ বনাঞ্চল পোড়ে গত ৭২ ঘণ্টায় এর দ্বিগুণ পুড়েছে।
ওরেগনের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে দক্ষিণ পোর্টল্যান্ডের সান্তিয়াম ক্যানিওন অঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে অ্যাশল্যান্ড এলাকায়। দাবদাহের সঙ্গে দাবানলের পরিধি বাড়ছে ওয়াশিংটনেও। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।