করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) এবং স্প্যানিশ লা লিগা দেরিতে শেষ হয়। তাই নতুন মৌসুমের জন্য খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হলো না জনপ্রিয় দুটি লিগের দর্শকদের। আজ থেকেই মাঠে গড়াচ্ছে লিগ দুটি। গেল জুলাইয়ে শেষ হয়েছিল লিগ দুটির গত মৌসুম। দেড় মাসের কিছু বেশি সময় পরই শুরু হচ্ছে নতুন মৌসুম।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশনে প্রথম দিনই মাঠে নামবে লিভারপুল। তাদের প্রতিপক্ষ ১৬ বছর পর ইপিএলে ফেরা লিডস ইউনাইটেড। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে গেল মৌসুমে দ্বিতীয় বিভাগের সেরা হয়ে ইপিএলে এসেছে ওয়েস্ট ইয়র্কশায়ারের ক্লাবটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। এছাড়া প্রথম দিন মাঠে নামবে ২০২০ এফএ কাপের শিরোপা জয়ী আর্সেনালও। তাদের প্রতিপক্ষ ফুলহ্যাম।
অপরদিকে লা লিগা শুরু হওয়ার কথা ছিল গতকাল। কিন্তু স্পেনের ফুটবল ফেডারেশনের সঙ্গে চলমান বিরোধের জেরে বদলাতে হয়েছে সূচি। শুক্রবার ও সোমবার লা লিগার ম্যাচ আয়োজন নিয়ে বিরোধ চলছে লা লিগা কর্র্তৃপক্ষ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। তাই আজ শনিবার স্প্যানিশ লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে। শুক্রবার স্থগিত হয়ে যাওয়া গ্রানাদা ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচটিসহ মোট তিনটি ম্যাচ হবে প্রথম দিন।
এই মৌসুমে বার্সেলোনার দিকে আলাদা নজর থাকবে সবার। কারণটি অবশ্যই লিওনেল মেসি। ক্লাব ছাড়তে চাওয়ার সিদ্ধান্তের পর অন্তত এই মৌসুম লা লিগায় থাকছেন তিনি। কেমন করবেন মেসি? সে কারণে হলেও বাড়তি নজর থাকবে বার্সার দিকে। হতে পারে লা লিগায় মেসির এটিই সবশেষ মৌসুম। তাই মেসি ও বার্সা ভক্তরা মিস করতে চাইবেন না প্রিয় ক্লাবের প্রতিটি ম্যাচ। রিয়াল মাদ্রিদ জিদানের অধীনে শিরোপা ধরে রাখবে নাকি নতুন কেউ চ্যাম্পিয়ন হবে তা সময়ই বলে দেবে।