রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০২২ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প সমাপ্ত ও ঢাকা হতে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল চালু হবে। তার আগে ক্ষতিগ্রস্তদের টাকা যথানিয়মে হস্তান্তর করা হবে। ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণের বাইরে থাকবে না।
শনিবার বাস্তবায়নাধীন কক্সবাজার রেলওয়ে স্টেশন, দোহাজারী-কক্সবাজার ডুয়াল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এরপর সেখানে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
দুপুরে কক্সবাজার সদরের ঝিলংজা হাজি পাড়া, রামু ফতেখাঁরকুলসহ বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
বাস্তবায়নাধীন রেল স্টেশনের কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই কাজ করছেন। ঢাকা থেকে কক্সবাজার রেল চলাচল শুরু হলে দেশের পর্যটন শিল্পে ও অর্থনৈতিক খাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
এ সময় তিনি জেলা প্রশাসনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ৫ জন ভূমি মালিককে প্রায় ১ কোটি টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদউল্লাহ মারুফ, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।