নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর ভেসে উঠল ২ বোনের লাশ

কুমিল্লার তিতাসে নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই বোনের মরদেহ গোমতী নদীতে ভেসে উঠেছে। শনিবার সকাল ১০টায় উপজেলার রসুলপুর এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

নদীতে ডুবে দুই বোনের মৃত্যুতে পরিবারসহ পুরো বাড়িতে চলছে শোকের মাতম।

জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে গোমতী নদীতে দাদির সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা (৭) এবং মহসিন মিয়ার মেয়ে মনিজা (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা ৯৯৯ ফোন করলে চাঁদপুর জেলা থেকে ডুবুরি দল এসে শুক্রবার বিকেল ৫টা থেকে তিন ঘণ্টা অভিযান চালিয়ে রাত আটটার সময় অভিযান সমাপ্তি করে।

শনিবার সকাল থেকে স্থানীয়রা পুনরায় অভিযান শুরু করলে আধা ঘণ্টার ব্যবধানে ডুবে যাওয়া স্থান সংলগ্ন খরা জালের কাছে ফাতেমার মরদেহ এবং আনুমানিক ৩০ মিটার দূরে মনিজার মরদেহ ভেসে উঠে।

মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। জেলা পরিষদের মহিলা সদস্য পারুল আক্তার বলেন, আমার পাশের বাড়ির এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।