ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, দেশটির সর্ববৃহৎ তেল শোধনাগারে গোয়েন্দাবৃত্তি করার সময় একজন মার্কিন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে।
আলজাজিরা জানায়, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এসে এমনটা ঘোষণা দেন মাদুরো।
তিনি জানান, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম রাজ্য ফেলকন থেকে ওই মার্কিন চরকে গ্রেপ্তার করা হয়। অ্যামুয়ে এবং কারডন তেলক্ষেত্রে গুপ্তচরগিরি করছিলেন তিনি।
মাদুরোর দাবি, গ্রেপ্তারকৃত গুপ্তচর একজন নৌ সেনা। ইরাকে মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ কেন্দ্রে যুক্ত ছিলেন এ মার্কিন নৌ সেনা।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, ‘বিশেষ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ ডলার জব্দ করা হয়েছে।’
তবে মাদুরোর দাবির প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অ্যামুয়ে এবং কারডন হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল শোধনাগার। প্রতিদিন ৯ লাখ ৭১ হাজার ব্যারেল তেল শোধন করা হয় এতে। যদিও সম্প্রতি জ্বালানি ঘাটতিতে থাকায় তীব্র সংকটে পড়েছে শোধনাগারটি।