পাকিস্তানে প্রতিদিন গড়ে আটজনের বেশি শিশু কোনো না কোনোভাবে যৌন হেনস্তার শিকার হচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসের তথ্য-উপাত্ত তুলে ধরে এমনটাই জানিয়েছে দেশটির শিশুর অধিকার রক্ষা বিষয়ক এনজিও ‘সাহিল’।
সম্প্রতি প্রকাশিত সাহিলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত পাকিস্তানে ৪৯৭ জন শিশু যৌন হেনস্তার শিকার হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পাঞ্জাব প্রদেশের।
বছরের প্রথম ছয়মাসে পাকিস্তানে যে সংখ্যক শিশু যৌন হেনস্তার শিকার হয়েছে এর মধ্যে ৫৭ শতাংশই ঘটেছে পাঞ্জাব প্রদেশে; ৩২ শতাংশ সিন্ধ প্রদেশে এবং ৬ শতাংশ খয়বর পখতুনখাওয়ায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসলামাবাদে ছয় মাসে ৩৫ জন শিশু যৌন হেনস্তার শিকার হয়েছে, বেলুচিস্তানে ২২ জন, আজাদ ও জম্মু কাশ্মীরে ১০ জন এবং একজন গিলগিত-বালতিস্তানে।
সাহিলের প্রতিবেদনে আরও জানা গেছে, ছয় মাসে যেসব শিশু যৌন হেনস্তার শিকার হয়েছে এর মধ্যে ৬২ শতাংশ ছিল গ্রামাঞ্চলের, ৩৮ শতাংশ শহরাঞ্চলে।
তাতে আরও বলা হয়েছে, ছয় মাসে ১৭৩ শিশু গণধর্ষণের শিকার হয়েছে, ২২৭ শিশু যৌন হেনস্তার শিকার হয়েছে। আর ৩৮ শিশুকে যৌন হেনস্তার পর হত্যা করা হয়েছে। যৌন হেনস্তার শিকার শিশুদের মধ্যে ৫৩ শতাংশ মেয়ে, ৪৭ শতাংশ ছেলে।