শীর্ষ ইসলামি দাতব্য প্রতিষ্ঠান ‘ইসলামিক রিলিফ’ লেবাননকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এ ঘোষণা দেয় সংস্থাটি। চ্যারিটি টুডেতে প্রকাশিত প্রতিবেদনে এ সংবাদ জানা গেছে।
বৈরুত বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়, বহু মানুষ এখনো নিখোঁজ। তিন লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করানো হয়।
ইসলামিক রিলিফের লেবাননের কান্ট্রি ডিরেক্টর নিদাল আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের পর থেকে দেশের অবস্থা ভালো নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে খাদ্য সংকট তীব্র হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। বন্দর কর্তৃপক্ষের কাছে পরবর্তী সময়ে ১৮ মাসের গম গুদামজাত ছিল। আশঙ্কা করছি, আগামী কয়েক দিনের মধ্যে বেকারিগুলোর ময়দা শেষ হয়ে যেতে পারে, এতে গণসংকট তৈরি হলে কিছু করার থাকবে না।
আমাদের মূল লক্ষ্য অভাবী মানুষের জন্য জরুরি খাদ্য সরবরাহ করা। আমরা তৈরি খাবার, চিকিৎসাসামগ্রী ও জরুরি পণ্য সরবরাহ করছি।’ ইসলামিক রিলিফের নির্বাহী কর্মকর্তা নাসির হাগামেদ বলেন, ‘বিশেষত পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাপনে প্রত্যাবর্তনের জন্য সহায়তা প্রদান করছি।’