করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আজিজুরের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুর রহমান চৌধুরী। তিনি এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আজিজুর রহমান চৌধুরী রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশে যোগ দেন। ২০০২ সালের ২৭ আগস্ট এসবিতে যোগ দেন। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন। তবে সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। আজিজুর রহমান চৌধুরী ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়ার নন্দনগরে জন্মগ্রহণ করেন।