মানব পাচার প্রতিরোধ তহবিল গঠনের পরামর্শ

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং পাচারমুক্ত বাংলাদেশ গড়তে ‘মানব পাচার প্রতিরোধ তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি)। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এ আহ্বান জানায় সংস্থাটি।

সিপিডির সমন্বয়ক শরিফুল্লাহ রিয়াজ লিখিত বক্তব্যে বলেন, ‘এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানব ও শিশু পাচার নিয়ে বাণিজ্য চলছে। পাচারের মাধ্যমে মূলত ব্যক্তি অধিকার হরণ করে তার ব্যক্তিগত নিরাপত্তা, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাধীনতা হরণ করা হয়। পাশাপাশি যৌনদাসত্ব, জোরপূর্বক শ্রম, বাধ্যতামূলক ও শোষণমূলক শ্রম এবং অঙ্গ পাচারের মতো কার্যকলাপ সংঘটিত হয়।’ তিনি বলেন, বাংলাদেশ সরকার মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে ও প্রতিকারের জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শরিফুল্লাহ বলেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-তে অপরাধীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ভুক্তভোগীর ক্ষতিপূরণ, পুনর্বাসন, পরিবারের সঙ্গে একত্রকরণ ইত্যাদি সুরক্ষার কথা বলা হয়েছে। তাই আমরা ‘মানব পাচার প্রতিরোধ তহবিল গঠন’-এর আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম ব্যবস্থাপক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খান, নারী মৈত্রীর সমন্বয়কারী মো. মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।