ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে খেলেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নেটে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছেন তিনি। আজ দ্বিতীয় ওয়ানডের আগে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে স্মিথকে। শুক্রবারের ম্যাচে টসের সময় সেরা একাদশে স্টিভ স্মিথের না থাকার খবর জানিয়ে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কারণটা ছিল, আগের দিন বৃহস্পতিবার এক কোচিং স্টাফকে দিয়ে নেটে নক করার সময় ‘থ্রো-ডাউন’ এ মাথায় বলের আঘাত পেয়েছিলেন স্মিথ। এরপর খুব দ্রুতই তার ‘কনকাশন’ পরীক্ষা করানো হয়। ‘প্রাথমিক সতর্কতা’ হিসেবে তাকে প্রথম ওয়ানডেতে না খেলানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। গতকাল আরেকবার ‘কনকাশন’ পরীক্ষা করানো হয়েছে। সেখানে উৎরে গেছেন সাবেক অধিনায়ক। আজ তাকে খেলাবে অস্ট্রেলিয়া। বছর খানেক আগে, ২০১৯ আগস্ট লর্ডস টেস্টে জোফরা আর্চারের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন স্মিথ। ইন্টারনেট।