ভারতে টানা চার দিন ৯৫ হাজার করে করোনা শনাক্ত

করোনাভাইরাসের (কভিড-১৯) মারাত্মক হটস্পট ভারতে সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দেশটিতে এ নিয়ে চার দিন ৯৫ হাজারের আশপাশে রয়েছে দৈনিক শনাক্তের সংখ্যা।

রবিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৫৪ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৫৮৬ জনের।

এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ১৭৫ জন।

বৈশ্বিক তালিকায় করোনা সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৬ লাখ সাড়ে ৭৬ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মারা গেছে ১ লাখ ৯৮ হাজারের বেশি করোনা রোগী।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৮৯ লাখ সাড়ে ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ৯ লাখ ২৪ হাজারের ৬১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮ লাখ ১৩ হাজারের বেশি।