অভিষেক বচ্চন ও রানি মুখার্জি অভিনীত ‘বান্টি আউর বাবলি’ ২০০৫ সালে বেশ সাড়া ফেলে দেয়। এবার সিক্যুয়েল মুক্তির পালা। সম্প্রতি সেই ছবির শুটিং শেষ হলো।
ভারতীয় গণমাধ্যম জানায়, করোনা পরিস্থিতিতে কয়েক দিনের শুটিং বাকি রাখতে হয় নির্মাতাদের। আনলক শুরু হতেই সব রকম সুরক্ষাবিধি মেনে তাড়াতাড়ি করে শুটিং শেষ হয় শনিবার।
ইয়াশ রাজ ফিল্মসের তরফে ছবির শুটিং শেষ হওয়ার খবর এবং তারকাদের বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘বান্টি আউর বাবলি টু’তে অভিষেক বচ্চন নেই। রানির বিপরীতে যোগ দিয়েছেন সাইফ আলী খান। আরও যুক্ত হয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও নতুন মুখ শর্বরী।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ছবির কলাকুশলীদের একসঙ্গে শুটিং শেষ করার পর ছবি পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, সুরক্ষাবিধি মেনেই কাজ করেছেন তারা। আর ছবির শেষ হয় একটি গানের দৃশ্যায়নের মাধ্যমে।
এর আগে রানি ও সাইফ একাধিক সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে ঝড় তোলা ছবি হলো ‘হাম তুম’। তবে তাদের ‘তা রা রাম পাম’ ও ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ তেমন একটা চলেনি।
‘বান্টি আউর বাবলি টু’ পরিচালনা করেছেন নতুন মুখ বরুণ ভার্মা, প্রযোজক আদিত্য চোপড়া।
অভিষেক ছাড়াও প্রথম ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন। তিনি ছিলেন পুলিশের ভূমিকায়। অভিষেক ও অমিতাভের সঙ্গে ‘কাজরা রে’ গানের হাজির হন ঐশ্বরিয়া রাই। গানটিও দারুণ হিট হয়। তবে নতুন ছবিতে অমিতাভ আছেন কি-না জানা যায়নি। এখন দেখার বিষয় নতুন কী চমক থাকছে ‘বান্টি আউর বাবলি টু’তে।