চট্টগ্রামের আনোয়ারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ ইয়াকুব (৫২) নামে এক নৈশপ্রহরী খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব ওই এলাকার মৃত মাওলানা আবদুস সামাদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ওই এলাকায় দোকানপাট পাহারা দিচ্ছিলেন ইয়াকুব। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুন্নাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, চুন্নাপাড়া রাস্তার মোড় এলাকায় প্রায় এক বছর ধরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছেন ইয়াকুব। শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।
নিহতের ভাই জসিমুল হক খোকন জানান, দীর্ঘদিন ধরে তার চাচা আবদুল লতিফের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার দুপুরে তার ভাই ইয়াকুবের সঙ্গে চাচাত ভাইদের কথা কাটাকাটি হয়। ওই সময় চাচাত ভাইরা তাকে মেরে ফেলার হুমকি দেন। আর রাতেই ছুরিকাঘাতে ভাইকে মেরে ফেলা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, নৈশপ্রহরী ইয়াকুবকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।