মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার এবং বায়োটেক গ্রুপ বায়োএনটেক তাদের করোনা প্রতিরোধী সম্ভাব্য টিকার শেষ ধাপের ট্রায়ালে আরও ১৫ হাজার মানুষকে যোগ করার ঘোষণা দিয়েছে।
কোম্পানি দুটি শনিবার জানিয়েছে, তাদের ট্রায়ালের স্বেচ্ছাসেবীদের সংখ্যা ৩০ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার হচ্ছে।
সিএনএন জানিয়েছে, মার্কিন টিকার ফলাফল চূড়ান্তভাবে জানা যাবে অক্টোবরের শেষ দিকে।
এর আগে গত আগস্টে কোম্পানি দুটি দাবি করে, প্রাথমিক ট্রায়ালে তাদের টিকা (BNT162b2) নিরাপদ এবং কার্যকরী প্রমাণিত হয়েছে।
করোনা ভ্যাকসিনের দৌড়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি এখন পর্যন্ত চীন-রাশিয়া সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে। ‘স্পুটনিক ভি’ নামের ওই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল এখনো শেষ হয়নি।
চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।
এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিডিডিআরবি’কে। সংস্থাটি কয়েক দিন ধরে বলে আসছে, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু হবে।
চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপের এক কর্মকর্তা বলেছেন জরুরি ব্যবহার দেখে বোঝা যাচ্ছে টিকা কাজ করছে। প্রতিষ্ঠানও আত্মবিশ্বাসী যে তাদের টিকা তিন বছর ধরে সুরক্ষা দিতে সক্ষম হবে।