বিএনপি জামায়াত বন্দুকের নলের ভেতর দিয়েই ক্ষমতায় এসেছিল: প্রাণিসম্পদ মন্ত্রী

বিএনপি জামায়াত দেশে যে কয়বার ক্ষমতায় এসেছে বন্দুকের নলের ভেতর দিয়েই ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ. ম রেজাউল করিম।

রবিবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ)- অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী প্রচারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তবে বিএনপির যে কোন আন্দোলন মোকাবিলা করতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এ সময় আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই তাই ইসরায়েলকে সমর্থন দেওয়ার কোন চিন্তা ভাবনা করছে না বাংলাদেশ সরকার।

এর আগে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এ পৌঁছে ভেড়া ও মহিষের খামার পরিদর্শন করেন ও মুজিব বর্ষ উপলক্ষে সেখানে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে কর্মকর্তা ও বিজ্ঞানীদের নিয়ে তিনি আলোচনা সভা করেন।

মন্ত্রীর সঙ্গে এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার উপস্থিত ছিলেন।