পাবনার ঈশ্বরদীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়ে হৃদয় মাহমুদ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুরের মতি মোল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় ওই উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া ইসলামপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাঁড়া গোপালপুর গ্রামের ইসলাম হোসেনের মেয়ের (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হৃদয়ের। দুপুরে ওই কিশোরীর ডাকে সাড়া দিয়ে দেখা করতে তার বাড়িতে যায় হৃদয়। এ সময় তাকে মারধর করে কিশোরীর ভাই আনিছ (২৮) ও খালাতো ভাই সজীব (২১)। রাস্তা থেকে টেনেহিঁচড়ে নেওয়ার একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে হৃদয়।
পরে তাকে স্থানীয় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অবস্থা বেগতিক দেখে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায় ওই দুজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।