বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মূলহোতা মহাতান্ত্রিক গুরু হাকিম গ্রেপ্তার

টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হাকিম চৌধুরী। রবিবার সকালে চট্টগ্রামের রাউজান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম  মোল্লা দেশ রূপান্তরকে জানান, টাকার বিনিময়ে মহাতান্ত্রিক গুরু সব রোগ সারাতে পারেন, ভারতীয় টিভি ও দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে দীর্ঘদিন ধরে এমন বিজ্ঞাপন দিয়ে আসছে একটি প্রতারক চক্র। রোগমুক্তির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। ৯ আগস্ট এই প্রতারকচক্রের কাছে মাদারীপুরের এক গৃহিণী ৫৮ লাখ টাকা খুইয়ে বিচারের আশায় সদর মডেল থানায় একটি মামলা করেন।
 
পরে অভিযান চালিয়ে গত ২৬ আগস্ট প্রথম ধাপে চার লাখ টাকা উদ্ধারসহ এ চক্রের সদস্য জসিম উদ্দিন ও আবদুর রহমান আমানকে চট্টগ্রামের রাউজান থেকে গ্রেপ্তার করা হয়। 
 
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চার দিন অভিযান চালিয়ে মূলহোতা হাকিম চৌধুরীকে রবিবার ভোরে একই স্থান থেকে গ্রেপ্তার করে মাদারীপুর জেলা পুলিশ।
 
হাকিমকে নিয়ে দ্বিতীয় ধাপের অভিযান শেষে স্থানীয় থানায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মাদারীপুর নিয়ে আসা হবে।
 
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চেহারা পরিবর্তন করে টিভিতে বিজ্ঞাপন দেওয়া হাকিমকে সহজেই কেউ চিনতে পারত না। এই চক্রের ১৮-২০ জন সদস্য রয়েছে। যারা সবাই চট্টগ্রাম থেকে সারা দেশে প্রতারণার কাজে লিপ্ত।
 
বিনাপুঁজিতে এদের প্রত্যেকের মাসে প্রায় আয় ৬ থেকে ১২ লাখ টাকা। বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।