ফেনী-চট্টগ্রাম আলাদা ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর

ফেনী থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য আলাদা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল রবিবার সকালে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ফেনী রেলস্টেশনকে আধুনিক স্টেশন হিসেবে তৈরি করা হবে যাতে মানুষ একশ বছর পরও বলতে পারে এখানে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রেলস্টেশন হয়েছে।

ফেনী থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট সংখ্যা বাড়ানোর দাবির যৌক্তিকতা উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে ঢাকায় গিয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা করা হবে। সমাবেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।