ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ খোরশেদ আলম নামে সৌদি আরবের জেদ্দা ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
রবিবার বিকেলে তাকে আটক করা হয়। খোরশেদ আলমের কাছ থেকে প্রায় এক কেজি ওজনের একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর দাম প্রায় ৬০ লাখ টাকা বলে জানায় শুল্ক কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের বি শিফট কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন।
গ্রিন চ্যানেলে বিকেল সাড়ে তিনটায় জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইনসের যাত্রী খোরশেদ আলমকে তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে ব্যাগের ভেতরে থাকা ইলেকট্রিক হট প্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকানো একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর ওজন ১ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
সোলাইমান হোসেন বলেন, আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।