চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন। এর আগে রাজধানীর দুটি বড় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গতকাল রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের এক ফ্লাইটে ঢাকা ছাড়েন ফারুক। সঙ্গে তার স্ত্রী ফারহানাও রয়েছেন। বিমানবন্দরে সাংবাদিকদের ফারুক বলেন, ‘আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি, যাতে দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারি।’
এক মাসেরও বেশি সময় ধরে জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসাপাতাল ও এভারকেয়ার হাসপাতাল ঘুরে শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি না ঘটায় সিঙ্গাপুর গেলেন ফারুক। সাত বছর ধরেই সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।