কোদালের হাতলে ১৬০০ ইয়াবা

রাজশাহীতে কোদালের হাতলে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় মান্টু মিয়া (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টার দিকে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় হাতলের ভেতর থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেট।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর মুন্সিটোলা গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে মান্টু। তিনি দিনমজুরের বেশে কোদালের বাঁশের হাতলের ভেতর অভিনব কায়দায় চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার ইয়াবাগুলো নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

ওসি নিবারণ আরও জানান, বাংলাদেশে যে কয়েক ধরনের ইয়াবা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে দামি মান্টুর কাছে পাওয়া ইয়াবাগুলো। এগুলোর দাম ৪ লাখ ৮০ হাজার টাকা। এ ইয়াবা মান্টু কোথায় পেয়েছেন এবং কার কাছে নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।