জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়। পরে তাদের দাবি সংবলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পেশ করেন শিক্ষার্থীরা। 

বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান অবস্থায় স্থগিত ঘোষণা করা হয়। এ ঘটনায় শহরে অবস্থানরত ৯৫ ভাগ শিক্ষার্থীই আর্থিক ও মানসিক দুর্বলতার জন্য গ্রামে অবস্থান করছে। এতে প্রায় ৮০ ভাগ শিক্ষার্থীই পরীক্ষা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছে। তাই সেশনজট নিরসনসহ চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার জন্য পরীক্ষা না নিয়ে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করলে আমরা উপকৃত হব। এক্ষেত্রে বিগত তিন বছরের ফলাফলের ভিত্তিতে সিজিপিএ নির্ধারণ করে চতুর্থ বর্ষের অনুষ্ঠিত পরীক্ষাগুলোর সঙ্গে সমন্বয় করে অনার্সের ফল ঘোষণা করা যেতে পারে।