বাড়ির মালিকের ‘সহযোগিতা’ ধর্ষণের শিকার কিশোরী

গাজীপুরের পূবাইলে বাড়ির নারী মালিকের সহযোগিতায় ভাড়াটে কিশোরীকে (১৫) দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলো, টঙ্গী পূর্ব থানার ফকির মার্কেট এলাকার প্রয়াত আব্দুল আলিমের ছেলে আবু হানিফ (৪৬) ও মাদারীপুরের কালকিনি থানার পূর্ব এনায়েত নগর গ্রামের ইস্কান্দার আলী সরদারের ছেলে শাহ আলম (৩৭)।

স্থানীয়দের বরাত দিয়ে পূবাইল থানার এসআই জামিল উদ্দিন রাশেদ জানান, দুই মাস আগে পূবাইলের মাজুখান এলাকার সেলিনা বেগমের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি টেইলার্সে কাজ করত ভুক্তভোগী ওই কিশোরী। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মালিক সেলিনা জোরপূর্বক কিশোরীকে অন্য একটি রুমে ঢোকায়। এ সময় অভিযুক্ত আবু হানিফ ও শাহ আলম ওই রুমে অবস্থান করছিল। পরে তারা রুমে দরজা আটকে দিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ওই দুজন বের হওয়ার পর আরও দুজন মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সেলিনাসহ ৫ জনকে আসামি করে একটি মামলা করে ওই কিশোরী। এতে ওইদিন রাতেই অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রবিবার তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।