মামলার সব নথি সাবরিনার আইনজীবীদের দেওয়ার নির্দেশ

নমুনা পরীক্ষা না করেই করোনার মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় দায়ের হওয়া মামলার চার্জশিটের সঙ্গে যুক্ত সব নথি ডা. সাবরিনা এ চৌধুরীর আইনজীবীদের দেখতে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

সাইফুজ্জামান তুহিন বলেন, এ মামলার মূল অভিযোগ হলো- ‘করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট। আমরা ভুয়া রিপোর্টের সেই নথিগুলো চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু নিম্নআদালত সেটি খারিজ করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘পরে নথি দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়। আদালত চার্জশিটে যুক্ত থাকা নথি দেখতে দিতে এবং সরবরাহের নির্দেশ দিয়েছেন।’

এ মামলায় নিম্নআদালতে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গত ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার অভিযোগপত্রে সাবরিনা ও আরিফুলকে জালিয়াতি ও প্রতারণার মূল হোতা এবং বাকি ছয়জনকে অপরাধে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়।