‘হাহাকার লাগছে অনেক’

সোমবার করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেন গুণী অভিনেতা সাদেক বাচ্চু। সাদেক বাচ্চুর মৃত্যুতে শোক নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তারকার স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানাচ্ছেন এই গুণী অভিনেতাকে।

নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু প্রথম ছবিতেই কাজ করার সুযোগ পান এই গুণী অভিনেতার সঙ্গে। জাহারা মিতু তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাদেক বাচ্চুর আত্মার শান্তি কামনা করেছেন।

জাহারা মিতু বলেন, ‘আগুন’ সিনেমার সেটে ওনার সঙ্গে প্রথম দেখা। সালাম দেওয়ার পর কাছে ডেকে বললেন, ‘এটা আমার মেয়ে না?’ পাশ থেকে একজন বলে উঠল ‘জ্বি’। তারপর কথা শুরু। প্রথম দিনেই এত কাছে টেনে নিলেন। আব্বু মারা যাওয়ার পর ওই প্রথম কারও মুখে সারাদিনে এতবার মা শব্দ শুনেছিলাম। হাহাকার লাগছে অনেক বাবা। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি আপনার নেক আমলের পুরস্কার তিনি আপনাকে দান করুক। মানুষকে ভালোবাসার যে অসীম ক্ষমতা আপনার ছিল তার জন্য যারা আপনাকে কাছ থেকে দেখেছেন তারা আপনাকে মনে রাখবে আজীবন। জানিনা করোনা আর কতজনকে কেড়ে নিবে এভাবে।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকালে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাদেক বাচ্চু। পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি ও সিনেমায় বিচরণ করেছেন তিনি। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।