সোমবার করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেন গুণী অভিনেতা সাদেক বাচ্চু। সাদেক বাচ্চুর মৃত্যুতে শোক নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তারকার স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানাচ্ছেন এই গুণী অভিনেতাকে।
চিত্রনায়ক ওমরসানী এই গুণী অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাদেক বাচ্চুর আত্মার শান্তি কামনা করেছেন।
ওমর সানী বলেন, ‘‘সাদেক বাচ্চু একটা নাম, একজন অভিনেতা, একটা ইতিহাস। বহু বছর আগে হুমায়ুন ফরীদি ভাই যখন সুপারস্টার, তখন তার শিডিউল পাওয়া ভীষণ দুষ্কর, উত্তম আকাশ দাদা এবং আমি চিন্তা করলাম কি করা যায়, বাচ্চু ভাই এর কাছে গেলাম, বাচ্চু ভাই বলল উত্তম তুমি আমার সাথে মজা করছ তোমার ছবিতে নিবা!, ওমর সানির সাথে, আমি বললাম ‘না বাচ্চু ভাই আপনি থাকবেন’। সেই থেকে ‘আখেরি হামলা’, ‘মুক্তির সংগ্রাম’ ‘রঙিন রংবাজ’, আরো বহু ছবিতে এক সাথে জুটি হলাম। আমার কাছে মনে হতো একটা ভালো মানুষের ডিকশনারি, আপনি চলে গেলেন আমাদেরকে রেখে। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন, এবার বুঝি আমাদের পালা, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে ক্ষমা করবেন। বাচ্চু ভাই আমার জীবনের ছবি হয়ে থাকবেন।’’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকালে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাদেক বাচ্চু। পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি ও সিনেমায় বিচরণ করেছেন তিনি। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।