দিল্লিতে গ্রেপ্তার ছাত্রনেতা উমর খালিদ

দিল্লিতে গত ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ছাত্রনেতা উমর খালিদকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ তাকে সহিংসতার একজন গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রকারী হিসেবে অভিযোগ এনেছে। গতকাল সোমবার তাকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয় বলে জানিয়েছে বিবিসি।

খালিদকে দুবার জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। তিনি সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এই তদন্ত ষড়যন্ত্র। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, অনেক অ্যাকটিভিস্ট, বিশেষ করে মুসলিমদের অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে।

ফেব্রুয়ারির ওই সহিংসতা ছিল ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে। টানা তিন দিনের সহিংসতায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়।

বেশ কয়েকজন ভারতীয় অ্যাকটিভিস্ট ও শিক্ষাবিদ খালিদের গ্রেপ্তারের ঘটনায় বিবৃতি দিয়েছেন।