অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন

বাংলাদেশ টেলিভিশনের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে তারকাখ্যাতি পাওয়া অভিনেতা মহিউদ্দিন বাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন তিনি।

সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন তিনি। সরকারি চাকরিজীবী হলেও অভিনয় ছিল তার নেশা। স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে মঞ্চনাটকে যুক্ত হন। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে খ্যাতি পান।

অনেক দিন ধরে হার্ট, কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মহিউদ্দিন বাহার। মহিউদ্দিন বাহারের মৃত্যুতে শোক প্রকাশ করে ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেত বলেন, ‘আশির দশকের শুরু থেকে আমার প্রতিটি অনুষ্ঠানেই মহিউদ্দিন ভাই ছিলেন নিয়মিত শিল্পী। তার সঙ্গে ছিল আমার আত্মিক সম্পর্ক। শ্যুটিং ছাড়াও প্রায় নিয়মিতই তিনি আমার অফিসে-বাসায় আসতেন, গল্প করতেন। অভিনয়কে খুব ভালোবাসতেন।’

মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।