সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ নয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা ট্রাক-ট্যাংক লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
শ্রমিক নেতারা বলেন, ট্রাকশ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন করে থাকেন। মহামারী করোনাভাইরাস জনজীবন স্থবির করে ফেললেও পরিবহনশ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। পরিবহনশ্রমিকদের ওপর অর্থনীতির চাকা নির্ভর করলেও সড়ক-মহাসড়কে তাদের ওপর পুলিশি হয়রানি, রাজনৈতিক মাস্তানি ও চাঁদাবাজি অমানবিক।