‘মধ্যবর্তিনী’র প্রথম সিজন থেকে পাঁচ বছর পরের গল্প নিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় মৌসুম। ধারাবাহিকটির ১০০তম পর্ব প্রচার হতে যাচ্ছে আজ রাত সাড়ে ৮টায়, দীপ্ত টিভিতে।
নাটকের গল্পে দেখা যায়, ইমরান ও শাম্মীর রুটিন বাঁধা যৌথ সংসারকে খামখেয়ালি আর হুল্লোড় দিয়ে ভরিয়ে রেখেছে ইমরানের ফুপাতো ভাই রবিন।
মা চান রবিনের একটা বিয়ে দিয়ে ইমরান-শাম্মীর শূন্য দোলনাটা ভরিয়ে তুলবেন। রবিনের সন্তানই হবে ইমরান-শাম্মীর সন্তান। কিন্তু এসব কিছু ঘটার আগেই ইমরান মুখোমুখি হয় অদ্ভুত এক ঘটনার।
ঠিক পাঁচ বছর আগে যাকে নিজ হাতে কবর দিয়েছিল ইমরান, সেই মৌ এসে দাঁড়িয়েছে তার সামনে। যাকে সবাই ডাকছে ‘মায়া’ নামে। কে এই মেয়ে? সে কি সত্যি মরে যাওয়া মৌ.. নাকি কেবলই ইমরানের নতুন কোনো মায়া?
নাটকটির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন আহমেদ খান হীরক, সহসংলাপে সাগর শরিফুজ্জামান। রাজু খান পরিচালিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সোহানা সাবা, শারমিন আঁখি, সাবেরী আলমসহ আরও অনেকে।
‘মধ্যবর্তিনী’ নাটকটি প্রচার হচ্ছে শনি থেকে শুক্র রাতে।