সিরিজ নির্ধারণী ম্যাচেও নিশ্চিত নন স্মিথ

অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলা হয়নি স্টিভেন স্মিথের। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সেরে উঠছেন বলে জানিয়েছেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার। যদিও স্মিথের খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তার আগে মঙ্গলবার স্মিথকে নিয়ে ল্যাঙ্গার বলেন, ‘অবশ্যই সে সঠিক পথ অনুসরণ করছে (সেরে ওঠার ক্ষেত্রে)। আমরা আশাবাদী কাল সে ঠিক থাকবে।’

স্মিথ অবশ্য সোমবারও অনুশীলন করেছেন। ল্যাঙ্গারের ভাষায়, ‘সে রানিং করেছে, কিছু দ্রুত গতির রানিং। প্রটোকলের অংশ হিসেবে কঠোর পরিশ্রম করেছে। এই মুহূর্তে সব ঠিকঠাক করছে সে।’ তবে এরপরও স্মিথকে ম্যাচের আগ পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে চায় অস্ট্রেলিয়া। তাই স্মিথের খেলা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

দুই ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়া জিতেছিল ১৯ রানে। দ্বিতীয় ওয়ানডে ইংল্যান্ড জিতে ২৪ রানে। বুধবারের ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল।

ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দুই দল। সিরিজটি ২-১ এ জিতে নেয় ইংল্যান্ড।