করোনা মহামারি চলাকালেই বন্যায় দেশের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।
সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের নাটোরের সিংড়া উপজেলার চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বন্যা কবলিত মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি ।
এ নিয়ে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিকূল সময়ে আমাদের মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ সংকট মোকাবিলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নেয়া উচিত। বিগত কয়েক বছর ধরে, নাটোরের সিংড়া উপজেলার মানুষ হুয়াওয়ের সহায়তায় ত্রাণ সামগ্রী পাচ্ছে। প্রয়োজনের সময় স্থানীয় জনগণের জন্য এ বৈশ্বিক প্রতিষ্ঠানটির এ ধরনের উদ্যোগ তাদের দায়িত্বশীলতারই বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং ঝেংজুন বলেন, বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য এ ত্রাণ সহায়তা কার্যক্রমটি আমাদের সমন্বিত এক উদ্যোগ। একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে আমাদের যে লক্ষ্য রয়েছে এ উদ্যোগটি তারই অংশ। একটি বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে আমাদের লক্ষ্য হলো ‘ইন বাংলাদেশ ফর বাংলাদেশ’।