অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় মির্জাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ ও রসুন বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে মির্জাপুর কাঁচাবাজারে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, বাজারে পেঁয়াজ রসুনের কৃত্রিম সংকট তৈরি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে তা বিক্রি করছে। খবর পেয়ে কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ ও রসুন বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৮ হাজর টাকা জরিমানা করা হয়।

বাজারের অন্য সকল ব্যবসায়ীকে সতর্ক করে প্রত্যেক দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয় এবং দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।