ঈশ্বরদীতে ভোমরার কামড়ে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ভোমরার কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকার মেসার্স মহিরউদ্দিন রাইস মিলের মালিক ও বিশিষ্ট চাল ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪২)।

মঙ্গলবার সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। মনিরুল জয়নগর শিমুলতলা গ্রামের  মহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

এলাকাবাসী জানায়, ব্যবসায়ী মনিরুল ইসলামের নিজ বাড়ির গোয়াল ঘরে দীর্ঘদিন থেকে ভোমরা বাসা বেঁধেছিল। গত রবিবার সকালে ব্যবসায়ী মনিরুল বাড়ির গোয়াল ঘরের পেছনে ভোমরার বাসা ভাঙ্গতে যায়। এ সময় বেশ কিছু ভোমরা ছুটে এসে তার শরীরে কামড় দেয়।

মনিরুলের প্রতিবেশি ওয়াসিম উদ্দীন জানান, বিষক্রিয়ায় সঙ্গাহীন অবস্থায় ব্যবসায়ী মনিরুল ইসলামকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হলে সোমবার বিকেলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে রাতেই তার অবস্থার আরো অবনতি হয়।

সোমবার রাতে পুনরায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন মনিরুল।