কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত সোমবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান ও অপর মামলায় ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার রাতে গাড়ি ভাঙচুরের মামলায় বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে প্রধানসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। ক্ষতিগ্রস্ত রয়েল পরিবহনের মালিক মো. শরীফ মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় সোমবার রাতে মোশারফ, মতিউর রহমান ও আল আমিন নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া গত রবিবার দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ায় ইউএনও অফিসের অফিস সহায়ক হাবিবুর রহমান আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত পরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগী নিজেই।
এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।