প্রায় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের উপপরিচালক আলী আকবর বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মোস্তাফিজুর রহমান অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অর্থ দিয়ে ১ কোটি ৭২ হাজার ৩৭১ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। মোস্তাফিজুর রহমান তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৫ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকার অস্থাবর সম্পদ গোপন করেন।