খিচুড়ি রান্নার প্রশিক্ষণ হাস্যকর : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিপুল অর্থ ব্যয়ে ফালতু কাজে সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো মিডনাইট নির্বাচনে সহায়তার উপঢৌকন। এটি অভিনব ও হাস্যকর তামাশা। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, ‘খিচুড়ি রান্নার প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো হচ্ছে। ইতিপূর্বে পুকুর খননের প্রশিক্ষণের জন্য, পাবদা মাছ চাষের প্রশিক্ষণ নিতেও তাদের বিদেশ পাঠানো হয়। এসব অভিনব ও হাস্যকর তামাশা শুধু শেখ হাসিনার আমলেই সম্ভব। আবহমানকাল ধরেই ওইসব বিষয়ে সাধারণ মানুষ রপ্ত। সেসব বিষয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোতে একটি প্রবাদ মনে পড়ে যায় সরকারি মাল দরিয়া মে ঢাল।’

তিনি বলেন, ‘যে সরকারের আমলে একটা বালিশের দাম সাড়ে ৭ হাজার টাকা এবং একজন রোগীকে আড়াল করতে সাড়ে ৩৭ লাখ টাকার পর্দা লাগে, সেই সরকার যে আগাগোড়াই লুটপাটের চেতনায় অনুপ্রাণিত তা বলার অপেক্ষা রাখে না। প্রাইমারি স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্পের আওতায় স্কুলশিক্ষার্থীদের রান্না করা সবজি খিচুড়ি বা ডিম সরবরাহের কাজে এক হাজার সরকারি কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রস্তাব করেছে।’