গৃহকর্ত্রীর নির্যাতন থেকে গৃহকর্মীকে উদ্ধার করল পুলিশ

পেটের দায়ে ভাঙ্গা হাত নিয়ে রাজধানীর আদাবরে জাপান গার্ডেন সিটির একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন দুই সন্তানের মা সাবরিনা (৩৫) বেগম। কিন্তু গৃহকর্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। কাজ ছেড়ে দিয়ে বাসায় যেতে চাইলেও দেওয়া হচ্ছিল না তাকে। বাড়িতে থাকা সন্তানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাও বারণ ছিল। এমন বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে তার ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বুধবার সকালে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।

৯৯৯ এর ফোকাল পয়েন্ট অফিসার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, আদাবরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটির ১৮  নম্বর ভবনের ১৪ তলার ফ্ল্যাট থেকে সাবিনা (৩৫) নামে এক গৃহকর্মী ৯৯৯ নম্বরে ফোন করেন। কান্নাজড়িত ও ভীত সন্ত্রস্ত কন্ঠে তিনি উদ্ধারের আকুতি জানান। তার ফোন পেয়েই সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

আদাবর থানার পুলিশ গিয়ে জানতে পারে, সাবরিনার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। অনেক আগেই স্বামী তাকে ছেড়ে চলে গেছেন। গ্রামে বাবার বাড়িতে তার দুটি শিশু সন্তান রয়েছে। অভাব-অনটনের কারণে কয়েক মাস আগে এক স্বজনের মাধ্যমে জাপান গার্ডেন সিটির ওই  বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিলেন। স্বামীর মারধরে তার একটি হাত ভেঙে গিয়েছিল। এ জন্য তিনি ভালোভাবে কাজ করতে না পারায় গৃহকর্ত্রী সবসময় তাকে মারধর করতেন। গ্রামের বাড়িতে চলে যেতে চাইলেও যেতে দেননি। জোর করে কাজ করানোর পাশাপাশি মানসিক পীড়নের মধ্যে রাখতেন। এমনকি সন্তানদের সঙ্গেও ফোনে কথা বলতে দিতেন না বাড়ির গৃহকর্ত্রী। এই অবস্থা থেকে মুক্তির জন্য মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার হওয়ার পর তিনি গোপনে ৯৯৯ নম্বরে ফোন করেন। তাকে  ওই অবস্থা থেকে উদ্ধার করার অনুরোধ জানান । খবর পেয়ে ওই নারীকে আদাবর থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়।

আদাবর থানার এসআই মো. আনোয়ার জানান, তখনই ঘটনাস্থলে গিয়ে সাবিনাকে উদ্ধার করি। এরপর জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদকের জিম্মায় বুঝিয়ে দিই। পরে বুধবার সকালে ওই নারীকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরবর্তীতে বাড়িতে পৌঁছে পুলিশকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবরিনা।