প্রকল্পে ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন

২ লাখ টন গম আমদানি করবে সরকার

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ২ লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়ান ফেডারেশন থেকে সরকার টু সরকার (জি-টু-জি) পর্যায়ে গম আমদানি করা হবে। এটিসহ মোট ২ হাজার ৭২৯ কোটি টাকা ব্যয়ে সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। গতকাল বুধবার বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের ব্রিফ করেন।

নাসিমা বেগম বলেন, সভায় রাশিয়ান ফেডারেশন থেকে সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে ২ লাখ মেট্রিক টন গম আমদানি করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে ৬০:৪০ অনুপাতে এ গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয়েছে ২৫৮ মার্কিন ডলার। সে হিসেবে ২ লাখ মেট্রিক টন গমের জন্য ব্যয় হবে ৫ কোটি ১৬ লাখ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।

তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে চুক্তিবদ্ধ ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের মধ্যে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টনের দাম ২৬২ দশমিক ৬২৫ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৭৮ লাখ ৭৮ হাজার ৭৫০ মার্কিন ডলার; যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকা।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড  আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। মোট তিনটি লটে এসব পণ্য আমদানি করতে সরকারের মোট ব্যয় হবে ১ কোটি ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৮৭ কোটি ৫৯ লাখ ১৯ হাজার টাকা।

সভায় বেসরকারি খাতে নারায়ণগঞ্জের জালকুড়িতে ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের একটি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম পড়বে ১৭ দশমিক ৬০৪ টাকা। এ হিসেবে ২০ বছর মেয়াদে ওই স্পন্সরকে আনুমানিক ১ হাজার ৬৬৫ কোটি ৪৮ টাকা পরিশোধ করতে হবে।

সভায় রাশিয়ান ফেডারেশন থেকে সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে ২ লাখ মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে ৬০:৪০ অনুপাতে এ গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ২৫৮ মার্কিন ডলার হিসেবে ২ লাখ মেট্রিক টন গমের জন্য ব্যয় হবে ৫ কোটি ১৬ লাখ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ফুটপাত, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজের একটি ক্রয় প্রস্তাব বেশ কিছু শর্তে অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে ১৪৫ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার টাকা। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে মেসার্স স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও মেসার্স রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।

তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের একটি প্রস্তাবের বিষয়ে আরও কিছু তথ্যসহ পরবর্তী সভায় ওঠাতে বলা হয়েছে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে গতকালের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ২০২০-২১ অর্থবছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।