টিসিবি দিয়ে পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখা সম্ভব না : জি এম কাদের

টিসিবির মাধ্যমে পেঁয়াজ সরবরাহ করে বাজার স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘টিসিবির মাধ্যমে একটি অংশকে রিলিফ দেওয়া সম্ভব। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পেঁয়াজ আমদানি করে বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয়। বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি করতে দিতে হবে।’

গতকাল রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সড়ক পরিবহন মোটর শ্রমিক ফেডারেশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের নামে ওঠা চাঁদায় অনেকেই দেশে অট্টালিকা তৈরি করেছে। শ্রমিক সংগঠনগুলো এতটাই শক্তিশালী যে সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বরং শ্রমিক সংগঠনগুলোই অনেকাংশে সরকারকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। দেশের অন্যান্য সংগঠনের মতোই শ্রমিক সংগঠনগুলোকে সরকারের পুরো নিয়ন্ত্রণে রাখতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুস সালাম, সাংসদ আহসান আদেলুর রহমান প্রমুখ।