ফরিদপুরে বরকত-রুবেলের ২৫ প্যাকেজের কাজ বাতিল করল এলজিইডি

ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের ২৫টি প্যাকেজের কাজ বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এ কাজগুলো বাতিল করা হয়।

বাতিল হওয়া ওই কাজগুলোর চুক্তিমূল্য ৮৮ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৭৮৯ টাকা। তবে দুই ভাইয়ের নিয়ন্ত্রিত ঠিকাদার প্রতিষ্ঠান ইতিমধ্যে ১৮ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা তুলে নিয়েছেন।

বাতিল হওয়া কাজের মধ্যে সাজ্জাদ হোসেন বরকতের নিজের নামীয় প্রতিষ্ঠান ‘সাজ্জাদ বরকত কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি’ এর ২১টি কাজ রয়েছে। বরকতের আরেকটি প্রতিষ্ঠান মেসার্স প্রত্যাশা এন্টারপ্রাইজের নামে রয়েছে তিনটি। বাকিটি রাফিয়া কনস্ট্রাকশন লি. এর নামে বরাদ্দ পাওয়া, যার মালিক বরকতের ভাই ইমতিয়াজ

ফরিদপুর এলজিইডি’র সহকারী প্রকৌশলী পিন্টু সাহা জানান, চলতি বছরে রুবেল-বরকতের প্রতিষ্ঠানগুলোর নামে মোট ৩৮ প্যাকজে কাজ চলমান ছিল। এর মধ্যে ২৫টি বাতিল করা হয়েছে। বাকি ১৩টি বাতিলের প্রক্রিয়ায় রয়েছে। ওই ১৩টি কাজের মধ্যে ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা এলাকায় পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু রয়েছে।

আলোচিত দুই ভাইয়ের যে ২৫টি কাজ বাতিল করা হয়েছে তার মধ্যে ৭০ থেকে ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে মোট চারটির। একেবারে কাজ শুরু হয়নি ১৪টি প্যাকেজের।

যে ২৫টি কাজ বাতিল করা হয়েছে তাতে মোট কাজ হয়েছে ২৮ ভাগ। এর বিপরীতে টাকা তোলা হয়েছে ১৮ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা।

ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন জানান, পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রুল) এর চুক্তির নিয়ম অনুযায়ী  চলমান কোনো কাজ টানা ২৮ দিন থাকলে এলজিইডি তা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এলজিইডি। সে নীতিমালার ভিত্তিতে ওই ২৫টি কাজ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, তাদের আরও ১৩টি কাজ একই অভিযোগে বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।