ডেমরার খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজধানীর ডেমরার বামৈল এলাকার ডিএনডি খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার হয়। এর আগে বুধবার বিকেলে আকাশি নামের ওই শিশু নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, আকাশি যেখানে গোসল করতে নেমেছিল, সেখানে খালের গভীরে তার লাশ পাওয়া যায়। পরে তার লাশ ডেমরা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুপুরে খেলার সঙ্গীদের সঙ্গে গোসল করতে নেমে আকাশি তলিয়ে যায়। সন্ধ্যায় খবর পাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। 

শিশুর বাবা দিনমজুর, মা গৃহকর্মী। বাবা আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুপুরে তিনি কাজে ছিলেন। কাজ থেকে ফিরে তিনি মেয়ে ডুবে যাওয়ার খবর পান।