করোনায় ৪ মাস পর স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিলেন বলসোনারো

অবশেষে একজন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিলেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বুধবার একজন সামরিক কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তিনি।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের কাজের অভিজ্ঞতা না থাকা একজন সামরিক কর্মকর্তাকে মন্ত্রী বানানোয় সমালোচনার মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট।

যদিও চার মাস ধরেই মন্ত্রণালয়ের দেখভাল করছিলেন জেনারেল এডুয়ার্ডো পাজুয়েলো। অবশেষে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।

করোনা সংক্রমণে বিপর্যস্ত দেশটিতে দুইজন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়েন। তারা দুইজনই ছিলেন চিকিৎসক। মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছিল।

সেদিক দিয়ে বলসোনারোর নীতিকে সমর্থন করেছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী জেনারেল পাজুয়েলো। এমনকি করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে তিনি।

কোনো ধরনের কার্যকারিতা প্রমাণ না হওয়া সত্ত্বেও করোনা রোগীদের ওষুধটি গ্রহণে পরামর্শ দিয়ে বিতর্কিত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

করোনাভাইরাসকে শুরু থেকেই গুরুত্ব না দেয়া বলসোনারো নিজেও ভাইরাসটিতে আক্রান্ত হন। এর আগে নিজেই লকডাউন বিরোধী মিছিলের নেতৃত্ব দিয়েছেন। মানেননি কোনো সামাজিক দূরত্বও।

বিশ্বজুড়ে মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমিরিকার দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৩৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থান দেশটিতে, ৪৪ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।