বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩ কোটি ছাড়িয়েছে।

শুরু থেকে করোনা পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটা পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার।

আক্রান্তদের মধ্যে বিশ্বজুড়ে মারা গেছেন ৯ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ১৮ লাখের বেশি।

বিশ্বের মোট আক্রান্তের অর্ধেকের বেশিই যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে অবস্থা সবচেয়ে ভয়াবহ যুক্তরাষ্ট্রের।

বৈশ্বিক আক্রান্তে শীর্ষে থাকা দেশটিতে শনাক্তের সংখ্যা ৬৮ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে; এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখের বেশি মানুষের।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৮৩ হাজার ২৫৭ জনের।।

আক্রান্তে তৃতীয় দেশটি হলো ব্রাজিল, ৪৪ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার মানুষের। বিশ্বজুড়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান দ্বিতীয়।

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন, এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৮৫৯ জন।