ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়ার পর আইপিএলেও মাইক্রোফোন হাতে কথা বলার সুযোগ হারিয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। যা নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
‘মানিকন্ট্রোল’-কে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলে ধারাভাষ্য প্রসঙ্গে কথা বলেন মাঞ্জরেকার। আইপিএল মিস করবেন কিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিষয়ে মন্তব্য না করাই ভালো। ইএসপিএন ক্রিকইনফো-র হয়ে প্রি এবং পোস্ট ম্যাচ শো-এ অংশ নিচ্ছি। পাশাপাশি একটি নিউজ চ্যানেলের হয়ে ফ্যান্টাসি লিগ প্ল্যাটফর্ম এর বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে পারি। সেই সঙ্গে একটি এফএম রেডিও-তে কলাম লিখছি।’
২০১৯ বিশ্বকাপে রবীন্দ্র জাদেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস’ ক্রিকেটার হিসেবে মন্তব্য করার পরেই সমস্যার সূত্রপাত। যদিও ই-মেইলের মাধ্যমে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু সমস্যা মেটেনি।
বাদ পড়ার প্রসঙ্গে জানাতে গিয়ে মাঞ্জরেকার জানিয়ে দিয়েছেন, ‘আমরা ভারতীয়রা সমালোচনার বিষয়ে সংবেদনশীল। অন্য বিষয় হল, ভাষা হিসেবে ইংরেজি অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমি এমন অনেক শব্দ ব্যবহার করি যা অনেকেই ভুল বোঝেন। ‘বিটস অফ পিসেস’ বিশেষণ অনেকেই ভাবেন এটা একজন ক্রিকেটারের সম্মান হানিকর শব্দ। আমি যদি ‘নন-স্পেশালিস্ট’ বলতাম তাহলে হয়তো কোনো সমস্যা তৈরি হতো না।’
অর্থাৎ অনেকের ইংরেজি জ্ঞান নিয়েই প্রশ্ন তুলছেন তিনি। মাঞ্জরেকার আরো বলেন, ‘একবার নাসের হোসেইন বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে বলেছিল, ‘ডাংকিস অন দ্য ফিন্ড’। তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। অথচ এটা কিন্তু ইংল্যান্ডে একদম সাধারণ ইংরেজি শব্দ যা প্রয়োগ করা হয় শ্লথদের ক্ষেত্রে। তাই ইংরেজি ভাষা প্রয়োগের ক্ষেত্রে এমন সমস্যা রয়েই যায়।’