নিষিদ্ধ নেইমারকে ছাড়াই জয় পিএসজির

অল্পতেই বেঁচে গেলেন নেইমার। পিএসজি-মার্শেই ম্যাচে গ-গোলের একপর্যায়ে প্রতিপক্ষের একজনকে মাথায় চাঁটি মারার দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ব্রাজিলিয়ান। নিষেধাজ্ঞার একটি ম্যাচ বুধবার কাটিয়ে ফেলেছেন নেইমার। বুধবারের সেই ম্যাচে পিএসজি ১-০ গোলে হারিয়েছে মেৎজকে। আগামী রবিবার নিসের বিপক্ষে ম্যাচেও নিষিদ্ধ থাকবেন নেইমার। আবার মাঠে নামতে পারবেন ২৭ সেপ্টেম্বর রিমসের বিপক্ষে। মার্শেইয়ের স্প্যানিশ ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে নেইমারের করা বর্ণবাদী কথাবার্তার অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ফ্রান্সের লিগ দে ফুটবল প্রফেশনেল (এলএফপি)। তদন্তে দোষী প্রমাণ হলে সর্বোচ্চ ১০ ম্যাচ নিষেধাজ্ঞা পেতে পারেন মার্শেই ডিফেন্ডার আলভারো।

নেইমার ছাড়া পিএসজি-মার্শেই ম্যাচের ঘটনায় বাকি যে চার খেলোয়াড় লাল কার্ড পেয়েছিলেন তাদেরও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে পিএসজির ডিফেন্ডার লেভিন কুরজাওয়াকে। মার্শেইয়ের জর্ডান আমাভিকে ‘লাথি ও ঘুষি’ মারার দায়ে এই শাস্তি তার। আমাভিকেও ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর যে দুই আর্জেন্টাইনের মধ্যে লড়াই থেকে ঘটনার সূত্রপাত, সেই লিয়ান্দ্রো পারেদেসকে ২ এবং দারিও বেনেদেত্তোকেও ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। একই ম্যাচে আলভারোকে থুতু মারার অভিযোগ ছিল আরেক আর্জেন্টাইন আঞ্জেল ডি মারিয়ার বিরুদ্ধে। ফরাসি লিগের শৃঙ্খলা কমিটি ২৩ সেপ্টেম্বর তলব করেছে তাকে।

নতুন মৌসুমে লিগে প্রথম দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ে ফিরেছে পিএসজি। তবে বলতেই হবে আবারও হোঁচট খাওয়া থেকে বেঁচে গেছে টমাস টুখেলের দল। ম্যাচের ইনজুরি সময়ে একমাত্র গোলটি করেন জুলিয়ান ডাক্সলার। নেইমারসহ পিএসজির তিন খেলোয়াড় মাঠে ছিলেন না। অবশ্য একাদশে ছিলেন করোনাজয়ী কেইলর নাভাস, মারকিনহোস ও মাউরো ইকার্দি। করোনা আক্রান্ত এমবাপে এখনো ফেরেননি মাঠে।