চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১২০ জন। এদিন মৃত্যু হয়েছে একজনের। গত বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রামের ৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৭ জন নগরের এবং ৯ জন উপজেলার।
এদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে চট্টগ্রামের ডিসি মো. ইলিয়াস হোসেনের কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় কভিড-১৯ শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসনের স্টাফ অফিসার রাজিব হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের জেলা প্রশাসক মহোদয় সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। স্যারের জ¦র ও কাশি রয়েছে। উভয়েই নগরীর ডিসি হিলস্থ সরকারি বাসভবনে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।’