বিমানবাহিনীর জন্য কেনা যুক্তরাষ্ট্রের তৈরি সি-১৩০জে বিমান ঢাকায় আনা হয়েছে। বিমানবাহিনীর জন্য ক্রয় করা ৫টি বিমানের মধ্যে এটি তৃতীয়।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে নামে বিমানটি। এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। যাত্রাপথে বিমানটি কায়রো (মিসর) ও মাসকাটে (ওমান) অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ঐতিহ্যগত রীতি অনুসারে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকসন উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন সহকারী বিমানবাহিনীপ্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার।