দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইশান দ্রং (৬২) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে সকালেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে জানিয়েছে দুর্গাপুর থানা পুলিশ।

মৃত ইশান দ্রং উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের মৃত দন খাং নাফাকের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। তার ছোট মেয়ে লোহরী রেমা পুলিশের কনস্টেবল এবং বর্তমানে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় কর্মরত রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে মৃত ইশান দ্রং ও তার স্ত্রী দুজনে আলাদা কক্ষে ঘুমাতে যান। শুক্রবার সকাল ৮টার দিকে মৃতের স্ত্রী কল্পনা রেমা স্বামীর কক্ষে ঢুকে দেখেন তার স্বামী ঘরের আড়ার (ধরনা) সঙ্গে ঝুলে আছে।

পরে মৃতের ছেলে তন্নয় রেমা (৩১) পুলিশকে বিষয়টি অবগত করে। পুলিশের ধারণা বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনুর-এ আলম দেশ রূপান্তরকে বলেন, বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলতে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।